যশোরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
যশোরের ঝিকরগাছা উপজেলায় এক যুবকের গলায় ও মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র জব্দ করেছে।
মঙ্গলবার ভোরে গদখালী এলাকার ইকরা মাদ্রাসার পাশ থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম।
নিহত আলমগীর হোসেন (৩০) গদখালী ইউনিয়নের শরিফপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।
ওসি বলেন, “এলাকাবাসীর কাছে খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ গিয়ে আলমগীরের লাশ উদ্ধার করে। তার গলায় ও মাথায় গুলি করা হয়েছে।
“ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড শর্টগানের গুলি ও একটি রাইফেলের গুলিও উদ্ধার করে পুলিশ।”
হত্যাকাণ্ড সম্পর্কে ওসি বলেন, “কদিন আগে নিহত রাহাজ্জানের লোকজন ও তাদের প্রতিপক্ষের মধ্যে সোমবার মধ্যরাতে বন্দুকযুদ্ধ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।”
রাহাজ্জান হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সোমবার রাতে আটজনকে গ্রেপ্তার করে বলে ওই রাতেই জানিয়েছিলেন ওসি মাসুদ। তবে তখন তিনি আটককৃতদের নাম প্রকাশ করেননি।
গত ১৩ অক্টোবর গদখালী বাজারের একটি সেলুনে ঢুকে ইউনিয়ন পরিষদ সদস্য রাহাজ্জানের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে তার মৃত্যৃ হয়।
এর আগে গত ৪ জুলাই রাহাজ্জানের ভাই হাসান সরদারকে বাড়ি থেকে ধরে নিয়ে একই বাজারের পাশে গুলি করে হত্যা করা হয় বলে জানান তাদের ছোট ভাই মিজানুর রহমান।
