২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 11:41 AM

Updated : 12 Apr 2022, 03:04 AM

নিহতের ভাইয়ের অভিযোগ, তাদের আরেক ভাইকে হত্যার আসামিরাই এ ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গদখালি বাজারের একটি সেলুনের ভেতরে তাকে গুলি করা হয় বলে জানান ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম।

নিহত রাহাজ্জান সরদার (৪০) গদখালি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

ওসি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সকাল ১০টার দিকে বাজারের একটি সেলুনের ভেতরে শেভ করছিলেন রাহাজ্জান। এ সময় কয়েকজন লোক এসে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে।

“সঙ্গে সঙ্গে তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এর আগে গত ৪ জুলাই রাহাজ্জানের ভাই হাসান সরদারকে বাড়ি থেকে ধরে নিয়ে একই বাজারের পাশে গুলি করে হত্যা করা হয় বলে জানান তাদের ছোট ভাই মিজানুর রহমান।

তিনি বলেন, রাহাজ্জানকে হত্যার সময় তিনি বাজারেই ছিলেন।

হাসান হত্যা মামলার আসামি মহিউদ্দিন ও আবুল হোসেন পিস্তল দিয়ে গুলি করে রাহাজ্জানকে হত্যা করেছে বলে তার অভিযোগ।

পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান ওসি মাসুদ।

স্থানীয়রা ধারণা করছে, দেশের বৃহত্তম পাইকারি ফুলের বাজার গদখালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।