বুড়িগঙ্গায় নৌকা ডুবে শিশু নিখোঁজ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে।
সোমবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছে নৌকাডুবির এ ঘটনা ঘটে বলে জানান হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম।
নিখোঁজ বৃষ্টি আক্তার (০৯) নোয়াখালীর পরকড়াই এলাকার মো. জাকির হোসেনের মেয়ে।
প্রত্যেক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই সামসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ কেরাণীগঞ্জের চরকালিগঞ্জ তৈলঘাট থেকে লালকুটি ঘাটে যাওয়ার জন্য সকালে মায়ের সঙ্গে নৌকায় ওঠে বৃষ্টি। সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছাকাছি এলে ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।
“এ সময় তার মা ও অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও বৃষ্টিও নিখোঁজ হয়।”
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করলেও বিকাল পর্যন্ত বৃষ্টির কোনো সন্ধান মেলেনি বলে জানান তিনি।
