সড়কে তারকাঁটা ফেলে প্রাইভেট কারে ‘ডাকাতি’
সিরাজগঞ্জে মহাসড়কে তারকাঁটা ফেলে প্রাইভেট কারের গতিরোধ করে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
শনিবার রাত ১০টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি রকিবুল ইসলাম।
আহতরা হলেন নাটোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ, ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম জাহিদ, নাটোরের লালবাজার এলাকার আশুতোষের ছেলে সঞ্জয় ও মুকুল চন্দ্র সাহার ছেলে মিঠুন সাহা।
মিঠুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ঢাকা থেকে প্রাইভেটকার যোগে নাটোর যাচ্ছিলেন। ওভারব্রিজের কাছে সড়কে ফেলে রাখা বাটামের সঙ্গে লাগানো তারকাঁটায় গাড়ির চাকা পাংচার হয়ে যায়।
“চালক দ্রুত প্রাইভেট কারটি থামানোর সঙ্গে সঙ্গে অন্ধকারের মধ্যে কয়েকজন আমাদের ওপর অর্তকিত হামলা চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়।”
পরে স্থানীয়দের সহযোগিতায় তারা নিকস্থ সাখাওয়াত মেমোরিয়াল নামে একটি বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
ওসি রকিবুল বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
সলঙ্গা থানার ওসি আব্দুর রফিক জানান, গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে নাটোরে পাঠানো হয়েছে। অন্য দুইজনকে সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
