২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অপহৃত শিশু নরসিংদীতে উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জ থেকে অপহৃত এক শিশুকে নরসিংদীর পলাশ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 08:12 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

মঙ্গলবার ওই উপজেলার ডাঙ্গা ইউনিয়নের বিরিন্দা এলাকা থেকে এক নারী অপহরণকারীকে আটক ও শিশুটিকে উদ্ধার করা হয় বলে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান জানান।

উদ্ধার হাবিবুর রহমান (আড়াই বছর) কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামের জাইদুর রহমানের ছেলে।

আটক হেনা বেগম (৪৫) একই এলাকার মৃত মোকশেদ আলী গাজীর মেয়ে ও ফিরোজ মিয়ার স্ত্রী।

এসআই মজিবুর বলেন, গত ২ অক্টোবর বাড়ির পাশে খেলছিল হাবিবুর। সেখান থেকে প্রতিবেশী হেনা তাকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই শিশুর বাবা জাইদুর রহমান বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।

“মামলার পর পুলিশ অভিযান চালিয়ে হেনার বোনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার ও তাকে আটক করে।”