কর্মবিরতিতে ওসমানী মেডিকেলের শিক্ষানবিশ চিকিৎসকরা
সহকর্মীর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করছে শিক্ষানবিশ চিকিৎসকরা।
রোববার দুপুর ১২টা থেকে তারা কর্মবিরতি শুরু করে বলে জানিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের যুগ্ম আহ্বায়ক রাহাত বিন আমিন।
তিনি বলেন, শুক্রবার দুপুরে রিকাবীবাজার এলাকায় শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের আহ্বায়ক বনি ইয়ামিন খানের উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় রাতেই সজিব দাস নামে একজনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় মামলা একটি মামলা হয়েছে।
“ ঘটনার তিন দিনেও কাউকে গ্রেপ্তার করা হয়নি, তাই আমরা কর্মবিরতি শুরু করেছি।”
এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রোববার সকালে হাসপাতালের সামনে মানববন্ধন করেছে চিকিৎসক ও কলেজ শিক্ষার্থীরা
কর্মবিরতির কারণে চিকিৎসা সেবা ‘কিছুটা ব্যাহত’ হচ্ছে জানিয়ে রাহাত বলেন, “জরুরি বিভাগ ও অন্য চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন।”
