২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছাত্রলীগকর্মী হত্যায় যুবলীগনেতার বিরুদ্ধে মামলা

বগুড়ায় ছাত্রলীগকর্মী ইব্রাহীম হোসেন সবুজ হত্যাকাণ্ডে যুবলীগনেতাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিনজন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2016, 08:08 PM

Updated : 20 Aug 2022, 01:48 PM

শুক্রবার গভীর রাতে বগুড়া সদর থানায় নিহত সবুজের চাচা মো. হারুন-অর-রশিদ মামলা করেন বলে জানান ওসি মো. এমদাদ হোসেন।

সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র ও ছাত্রলীগকর্মী সবুজ বৃহস্পতিবার দুপুরে শহরের ফুলবাড়ি এলাকায় ছুরিকাঘাতে খুন হন।

এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন পৌরসভার ফুলবাড়ি এলাকার মো. শাহ্ আলম (২৬), নয়ন (২৫) ও সুনীল পাল (২৭)।

ওসি বলেন, নিহতের চাচা হারুন-অর-রশিদ বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সদর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলামকে।

পুলিশ অন্য আসামিদের নাম প্রকাশ করেনি।

অন্যদিকে পুলিশের কাজে বাধা ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় আরও একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি এমদাদ।

সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র সবুজ বৃহস্পতিবার দুপুরে শহরের ফুলবাড়ি এলাকায় ছুরিকাঘাতে খুন হন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেয়।

জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুল রাজ্জাক তিতাস হত‌্যাকাণ্ডের জন‌্য যুবলীগনেতা নূরুল ইসলামকে দায়ী করেছেন।