২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে বাস ঢুকে দম্পতি নিহতের ঘটনায় মামলা

রাজশাহী নগরীতে রাস্তার পাশের টিনের ঘরে ঢুকে পড়া নিয়ন্ত্রণহীন বাসের চাপায় ঘুমন্ত দম্পতির মৃত্যুর ঘটনায় মামলা করেছেন তাদের ছেলে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 01:51 PM

Updated : 11 Oct 2022, 08:44 PM

পুরনো খবর:

ঘর ভেঙে ঢুকল নিয়ন্ত্রণহীন বাস, ঘুমন্ত দম্পতির মৃত্যু

নিহত দম্পতির বড় ছেলে রাশেদুল ইসলাম হৃদয় বুধবার রাতে তিনজনকে আসামি করে রাজপাড়া থানায় এ মামলা করেন বলে ওসি আমান উল্লাহ জানান।

মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনায় রিকশাচালক বাশির হোসেন (৪০) ও তার স্ত্রী রেশমা বেগম (৩৫) নিহত হন। আহত হন আরও অন্তত আটজন।    

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ফৌজদারি দণ্ডবিধির ৩০৪ (খ) ধারায় বেপরোয়া গাড়ি চালনার কারণে মৃত‌্যুর অভিযোগে এ মামলা রেকর্ড করা হয়েছে।

মামলায় বাসের চালক তার সহযোগী ও সুপারভাইজারকে আসামি করা হলেও পরিচয় জানা না থাকায় এজাহারে তাদের নাম উল্লেখ করা যায়নি বলে জানান ওসি।

দুর্ঘটনার রাতে কেয়া পরিবহনের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি বশির-রেশমা দম্পতির ঘরে ঢুকে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মারা যান তারা।

ঘটনার পরপরই বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে বলে জানিয়েছিলেন রাজপাড়া থানার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।