২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘর ভেঙে ঢুকল নিয়ন্ত্রণহীন বাস, ঘুমন্ত দম্পতির মৃত্যু

রাজশাহীতে একটি নিয়ন্ত্রণহীন বাস রাস্তার পাশে টিনের ঘরে ঢুকে পড়ায় ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও অন্তত আটজন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 10:01 AM

Updated : 11 Oct 2022, 08:44 PM

মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে নগরীর সিটি বাইপাস রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।

নিহতরা হলেন রিকশাচালক বাশির হোসেন (৪০) ও তার স্ত্রী রেশমা বেগম (৩৫)।

পুলিশ কর্মকর্তা ইফতে খায়ের বলেন, কেয়া পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল।

“বহরমপুরের সিটি বাইপাস রেলক্রসিং এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। এতে ওই বাড়ির ঘুমন্ত এক দম্পতি ঘটনাস্থলেই মারা যায়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে আহত আটজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় বলে তিনি জানন।

Image
রাজশাহীতে মঙ্গলবার রাতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে টিনের ঘরে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। ছবি: গুলবার আলী জুয়েল

রাজশাহীতে মঙ্গলবার রাতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে টিনের ঘরে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। ছবি: গুলবার আলী জুয়েল

আহতরা হলেন ওই বাড়ির দিপু মিয়া (৪৫), তার স্ত্রী চম্পা বেগম (৩৫), বাসযাত্রী ফিরোজ (৪১), শরীফ (২৪), মামুন (৩০), মানিক (৩১), এমদাদুল (৩৪) ও উত্তম (৫২)।

আহত বাসযাত্রী ফিরোজ কবির বলেন, বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়।

“এ সময় চালক জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে গেলে বাসটি ওই বাড়িটিকে দুমড়ে-মুচড়ে দিয়ে আরেক বাড়িতে ঢুকে পড়ে।”

ঘটনার পরপরই বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ইফতে খায়ের।