ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে শাশুড়ি ও ননদের বিরুদ্ধে।
মঙ্গলবার গৃহবধূর দাদি আমেনা বেগম এ অভিযোগ করেন। গৃহবধূ বৃষ্টি আক্তার (১৯) উপজেলার বরুনাগাঁও ঘাটপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী ও একই গ্রামের ইসলাম উদ্দীনের মেয়ে।
আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টির বাবা-মা বেঁচে নেই। এক বছর আগে প্রেমের সম্পর্কে ঘাটপাড়া গ্রামের ইসলাম উদ্দীনের সঙ্গে তার বিয়ে হয়।
“এ বিয়ে ছেলের পরিবারের লোকজন মেনে নেয়নি। বিয়ের পর থেকেই বৃষ্টিকে শাশুড়ি নাসিমা আক্তার ও ননদ মুক্তা বেগম মারধর করত।”
সোমবার রাতে বৃষ্টিকে তারা আবার লাঠিপেটা করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।রাত আড়াইটার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন দাদি আমেনা বেগম।
বৃষ্টিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তার শাশুড়ি ও ননদ।
নাসিমা বলেন,“কেউ তাকে মারধর করেনি, অসুস্থতার কারনেই বৃষ্টির মৃত্যু হয়েছে।”
সদর হাসপাতালের চিকিৎসক জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টিকে হাসপাতালে ভর্তি করানোর সময় থেকে তার নাক দিয়ে রক্ত পড়ছিল। তাৎক্ষনিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে সেখানে তার মৃত্যু হয়।
পরীক্ষা ছাড়া গৃহবধূর মৃত্যুর কারণ বলা সম্ভব নয় বলে জানান তিনি।
ঠাকুরগাঁও সদর থানার এসআই রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় মঙ্গলবার দিনভর থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
