বগুড়ায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।
রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে তালোড়া রেল স্টেশন মাস্টার আব্দুর রহিম জানান।
নিহতরা হলেন- আরিফুল ইসলাম (২৪) ও তার স্ত্রী হাসিনা বেগম (২০)। ভ্যান চালক আরিফুলের বাড়ি তালোড়ার দেবখণ্ড মধ্যপাড়া গ্রামে।
বগুড়া রেল পুলিশের এসআই হারুন অর রশিদ বলেন, এ দুজন তালোড়া রেল স্টেশনের প্রায় দুই কিলোমিটার দূরে দেবখণ্ড রেলসেতুর কাছে রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন।
“এ সময় দিনাজপুর থেকে সান্তাহারগামী আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসে তারা কাটা পড়েন। এতে দুজনই ঘটনাস্থলে মারা যান।”
শাজাহানপুরে ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ১
বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বয়রাদীঘিতে রোববার ট্রাক ও ভটভটির সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হন এক নারীসহ তিন জন।
নিহত ওমেদ আলী (২৮) নন্দীগ্রাম উপজেলার আফছাগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
আহতরা হলেন আফছাগাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে জিয়াউল (১২), শাজাহানপুর উপজেলার রাজবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে হেলাল (৪৫) ও খাসরাজবাড়ী গ্রামের জব্বার আলীর স্ত্রী লতা বেগম (৫০)।
শাজাহানপুর থানার ওসি মাস-উদ- চৌধুরী জানান, বেলা সাড়ে ১১টার দিকে, একটি মালবাহী ট্রাক বগুড়া শহরের দিকে আসার পথে বয়রাদীঘিতে বিপরীতমুখী একটি ভটভটিকে ধাক্কা দেয়।
আহতদের বগুড়া মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
