টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
ঈদযাত্রার সড়কে টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোড়াই মহাসড়ক থানার এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান।
তিনি বলেন, জামুর্কীর নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে ঢাকামুখী একটি আনারসবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ দুইজনের মৃত্যু হয়। তবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সড়কের দুই পাশে দেখা দেয় দীর্ঘ যানজট।
আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক ঘণ্টার চেষ্টায় শুক্রবার সকালের দিকে মহাসড়কে আটকা পড়া যানবাহন থেমে থেমে চলতে শুরু করে।
