২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীর গতি

গরু বোঝাই ট্রাকের চাপ ও সড়কের উপর যান বিকলের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্ট যানজট কেটে গেলেও চলছে ধীর গতিতে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 04:22 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

পুরনো খবর:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

বুধবার দুপুরের পর জট কেটে গেলেও যানবাহনের সারি ধীরগতিতে সামনের দিকে এগুচ্ছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম।

মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে গাজীপুরের সীমানায় চন্দ্রা পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকাজুড়ে সড়কে মঙ্গলবার গভীর রাত থেকে গাড়ি চলে থেমে থেমে।

টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) এশরাজুল হক জানান, পাটুরিয়ায় ঘাটে পারাপারে সময় বেশি লাগায় অনেক যানবাহন সড়ক পথে ঢাকা আসছে। এছাড়া কোরবানির মৌসুমে উত্তরবঙ্গ থেকে গরু ভরতি অনেক ট্রাক ঢাকার দিকে যাচ্ছে। এ কারণে রাত থেকে এ সড়কের ঢাকামুখী অংশে গাড়ির তীব্র চাপ রয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় খাড়াজোরা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে দুটি গাড়ি বিকল হলে যানজট প্রকট আকার ধারণ করে।

সালনা মহাসড়ক থানার ওসি মো. হোসেন সরকার জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে এবং বুধবার ভোর ৫টার দিকে চন্দ্রার খাড়াজোরা এলাকায় দুটি ট্রাকের এক্সেল ভেঙে যায়। সকালে রেকার দিয়ে ট্রাক দুটি সরানো হলেও দুপুর পর্যন্ত  চন্দ্রা, কোনাবাড়ি, সফিপুর, মৌচাক এলাকায় যানজট ছিল।

বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে ঢাকার দিকে তীব্র এই যানজটে দুর্ভোগে পড়েন ঢাকামুখী যাত্রীরা।

পুলিশ সুপার মাহবুব আলম বলেন, মহাসড়ক থেকে বিকল যানগুলো সরিয়ে নেওয়ায় দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে গাড়ির চাপ বেশি থাকা গতি ধীর।