ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
পাটুরিয়ার দুর্বিপাক আর ঢাকার পথে গরুর ট্রাকের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে গাজীপুরের সীমানায় চন্দ্রা পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকাজুড়ে সড়কে মঙ্গলবার গভীর রাত থেকে গাড়ি চলছে থেমে থেমে।
টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) এশরাজুল হক জানান, পাটুরিয়ায় তিনটি ফেরিঘাট বন্ধ থাকায় অনেক যানবাহন সড়ক পথে ঢাকা আসছে।
“এছাড়া কোরবানির মৌসুমে উত্তরবঙ্গ থেকে গরু ভর্তি অনেক ট্রাক ঢাকার দিকে যাচ্ছে। এ কারণে রাত থেকে এ সড়কের ঢাকামুখী অংশে গাড়ির তীব্র চাপ রয়েছে।”
এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় খাড়াজোরা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে দুটি গাড়ি বিকল হলে যানজট প্রকট আকার ধারণ করে।
সালনা মহাসড়ক থানার ওসি মো. হোসেন সরকার জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে এবং বুধবার ভোর ৫টার দিকে চন্দ্রার খাড়াজোরা এলাকায় দুটি ট্রাকের এক্সেল ভেঙে যায়।
“সকালে রেকার দিয়ে ট্রাক দুটি সরানো হলেও চন্দ্রা, কোনাবাড়ি, সফিপুর, মৌচাক এলাকার যানজট পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি।”
বঙ্গবন্ধু সেতুএলাকা থেকে ঢাকার দিকে তীব্র এই যানজটে দুর্ভোগে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা।
টাঙ্গাইলের পরিদর্শক এশরাজুল জানান, পরিস্থিতিনিয়ন্ত্রণে আনতে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ কাজ করছে।
