রাবি ছাত্রীকে হয়রানি, মুচলেকা বহিষ্কৃত ছাত্রলীগকর্মীর
ছয় মাস আগে যৌন হয়রানি করে সংগঠন থেকে বহিষ্কৃত এক ছাত্রলীগকর্মী এবার রেহাই পেলেন মুচলেকায়।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগে এক বৈঠকে ওই বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী রবিউল আউয়াল মিল্টন মুচলেকা দিয়ে অভিযোগমুক্ত হন।
এর আগে গত ৮ ফেব্রয়ারি এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছিল। ওই সময় উত্ত্যেক্তের প্রতিবাদ করায় রাবিতে কর্মরত এক সাংবাদিককে মারধরও করেন মিল্টনসহ তার কয়েকজন সহযোগী।
ওই ঘটনায় তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। মিল্টনের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডি এলাকায়।
দর্শন বিভাগের এক ছাত্রীর অভিযোগ, গত ২৯ অগাস্ট দর্শন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ওই ছাত্রীকে হল থেকে ডেকে আনেন মিল্টনসহ একই বিভাগের ৭-৮ জন শিক্ষার্থী।
ছাত্রীটি যেতে অপারগতা জানালে হুমকি দিয়ে ডেকে নেন তারা। সেখানে যাওয়ার পর ওই শিক্ষার্থী মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে এলে মিল্টনসহ তার সঙ্গে থাকা শিক্ষার্থীরা অনেক আপত্তিকর প্রশ্ন করেন বলে অভিযোগ করা হয়।
পরদিন ৩০ অগাস্ট মঙ্গলবার ওই শিক্ষার্থী বিভাগে লিখিত অভিযোগ জমা দেন।
তারই পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে অভিযুক্তদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় বলে জানান তিনি।
তিনি বলেন, “বিভাগের শিক্ষকরা যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমি তা মেনে নিয়েছি। এ ধরনের ঘটনা পরবর্তীতে আর ঘটবে না বলে শিক্ষকরা আমাকে আশস্ত করেছেন।”
এ বিষয়ে বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, বিভাগের এক সালিসী বৈঠকে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিযোগকারী ছাত্রী ও অভিযুক্তদের মধ্যে মীমাংসা করে দেওয়া হয়েছে।
বিভাগের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাস বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হয়রানির বিষয়টি লঘুভাবে দেখার সুযোগ নেই। সংশ্লিষ্ট বিভাগগুলো তাদের সম্মান রক্ষার্থে বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
আইন বিভাগের সহযোগী অধ্যাপক জুলফিকার আহম্মদ বলেন, যৌন হয়রানি একটি ফৌজদারি অপরাধ। এই অভিযোগে অভিযুক্তদের কাছ থেকে এভাবে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া ঠিক নয়।
এ বিষয়ে মিল্টনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
