২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ, সাংবাদিককে ছাত্রলীগ কর্মীদের মারধর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিককে ছাত্রলীগ কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 01:02 AM

Updated : 12 Apr 2022, 01:24 AM

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে ‘দৈনিক উত্তরা প্রতিদিনের’ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মর্তুজা নূরকে মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন।

“বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রী এখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সেখানে বসে থাকা দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী মিল্টন, মাসুমসহ কয়েকজন ওই ছাত্রীর পথরোধ করে। এ সময় কয়েকজন বহিরাগতও তাদের সঙ্গে ছিল।”

তারা ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে নূরসহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কয়েকজন শিক্ষার্থী ঘটনার প্রতিবাদ করলে মিল্টনসহ বহিরাগতরা নূরকে কিলঘুষি মারে বলে তার অভিযোগ।

মিল্টন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “পাশ দিয়ে যাওয়ার সময় ওই ছাত্রীকে আমাদের একজন ডাক দেয়। তিনি দর্শন বিভাগের প্রথম বর্ষে পড়েন জানালে আমি তাকে ওই বিভাগের বড় ভাই বলে পরিচয় দিই। এ সময় আমার পাশে থাকা কয়েকজন ওই ছাত্রীকে কয়েকটি প্রশ্ন করে। এটা দেখে তার বন্ধুরা চোখ রাঙ্গিয়ে আমাদের দিকে এলে আমাদের সঙ্গে থাকা একজন তাদের একজনকে চড় মারে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তাদের ডেকে নিয়ে বিষয়টি শুনেছি। মঙ্গলবার বসা হবে। অভিযুক্ত ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। অভিযুক্ত ছাত্রলীগকর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

প্রক্টর তারিকুল হাসান বলেন, “বিষয়টি শুনেছি। তবে জড়িতদের সবার পরিচয় এখনও পাইনি। অভিযুক্তদের পরিচয় পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে সাংবাদিককে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী প্রেসক্লাব, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেসক্লাব।