রাবিতে সাংবাদিককে মারধরের ঘটনায় ছাত্রলীগকর্মী বহিষ্কার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত এক ছাত্রলীগকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু সাংবাদিকদের বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত ও সাংবাদিককে মারধরের ঘটনায় রবিউল ইসলাম মিল্টন জড়িত থাকার অভিযোগ ওঠায় তাকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
“তাকে সংগঠনের সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।”
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মিল্টন ছাত্রলীগকর্মী ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে দর্শন বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহীর দৈনিক উত্তরা প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মর্তুজা নুরকে মিল্টনসহ কয়েকজন ছাত্রলীগকর্মী লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।
