২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলি আর্টিজানের আতঙ্ক দূর হয়েছে: তোফায়েল

বাণিজ্যিমন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেছেন, হলি আর্টিজানের ঘটনার পর বিদেশিরা শঙ্কিত হয়েছিল, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সফল অভিযানে তাদের সেই ভয়ভীতি দূর হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 06:16 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে তৈরি পোশাক কারখানা ‘রেমি হোল্ডিংস লিমিটেড’ উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিককালে কিছু জঙ্গি তৎপরতা ও টার্গেট কিলিংয়ে বিদেশি ব্যবসায়ী এবং দাতা সংস্থার লোকদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু আজকে দেশ স্বাভাবিক।

“আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার সাথে জঙ্গি তৎপরতা নির্মূল করার পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে কয়েকটি ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী সফলতার সাথে দমন করতে পেরেছে।”

“আমরা যখন বিদেশে যাই, তখন আমাদেরকেও সর্তকভাবে চলাচল করতে হয়। তেমনি আমাদের দেশে প্রত্যেক মানুষ সর্তকভাবে চলাচল করবে এটাই স্বাভাবিক।”

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তোফায়েল বলেন, “এটা কেউ কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না। পাকিস্তানের চেয়ে আমাদের রপ্তানি, রেমিট্যান্স ও রিজার্ভ বেশি। অর্থনৈতিক ও সামাজিক সকল খাতে পাকিস্তান থেকে আমরা অনেক বেশি এগিয়ে।”

২০২১ সালে দেশের মোট রপ্তানি ৬০ বিলিয়ন ডলার হবে, যার ৫০ বিলিয়ন ডলার তৈরি পোশাক খাত থেকে আসবে বলে তিনি দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান, বিটুপি গ্রুপের চেয়ারম্যান সাংসদ রেজা আলী, ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী প্রমুখ।

গত ১ জুলাই রাজধানীর কূটনীতিক পাড়ার হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশি ও দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হয়। পরে কমান্ডো অভিযানে নিহত ছয় জঙ্গির লাশ পাওয়ার কথা জানায় নিরাপত্তা বাহিনী।