ভারতে পাচারের জন্য জড়ো করা ১৬ জনকে ভোলায় উদ্ধার
ভারতে পাচারের জন্য জড়ো করা ১৬ জনকে ভোলার তজুমদ্দিন উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লা গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানান তজুমদ্দিন থানার ওসি এ কে এম শাহিন মণ্ডল।
আটক নিতাই দেবনাথ (৪৮) ওই ইউনিয়নের মোল্লা গ্রামের ভুবনমোহন দেবনাথের ছেলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিতাই দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল।
“গোপন সংবাদের ভিত্তিতে নিতাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আটক করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত নিতাইকে।”
ওসি জানান, উদ্ধারকৃতদের বয়স ২ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের সবার বাড়ি কক্সবাজার ও চট্টগ্রাম জেলায়। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
উদ্ধারকৃতরা হলেন কক্সবাজারের কতুবদিয়া থানার সুভাশ দাস (৪৫), রতন দাস (২৫), শিপন দাস (২০), অধবিন্দু দাস (৫০), অধীন দাস (৫০), তপন জলদাস (৫০), রাখাল দাস (৪৫), হেমন্ত জলদাস (৩০) ও টেকনাফ থানার যুদ্ধা দাস (২৭)।
এছাড়া ২২ থেকে ৬৫ বছরের ৪ নারী ও ২ থেকে ১৩ বছরের ৩ শিশু রয়েছে বলে জানান ওসি শাহিন।
