কাশিমপুর কারাগার পরিদর্শনে গাজীপুরের এসপি
যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কোন কারাগারে কার্যকর হবে তা নিয়ে নানা জল্পনার মধ্যেই কাশিমপুর কারাগার পরিদর্শন করেছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
বুধবার বেলা ২টার দিকে এসপি মোহাম্মদ হারুন অর রশীদ কাশিমপুর কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
যুদ্ধাপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড বহালের পর বাকি রয়েছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন। তিনি প্রাণভিক্ষা না চাইলে অথবা তা না পেলে সরকারের নির্দেশনা অনুযায়ী ফাঁসি কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।
জামায়াতে ইসলামীর মজলিশে শুরা সদস্য মীর কাসেম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ রয়েছেন। বুধবার সকালে সেখানেই তাকে রিভিউ খারিজের রায় পড়ে শোনানো হয়েছে। দুপুরে এসে তার সঙ্গে দেখা করে গেছেন পরিবারের সদস্যরা।
তবে কাসেমের ফাঁসি কোথায় কার্যকর করা হবে সে বিষয়ে কোনো তথ্য দেননি গাজীপুরের পুলিশ সুপার।
“মীর কাসেমের ফাঁসি কখন, কোথায় হবে তা কারা কর্তৃপক্ষ বলতে পারবে। এ ব্যাপারে আমার কিছু জানা নেই।”
এ বিষয়ে জানতে চাইলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাশির আহমেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “সরকার দিনক্ষণ, জায়গা এসব ঠিক করে দেবে। তবে এ কারাগারে ফাঁসির জন্য জল্লাদসহ সকল প্রস্তুতি রয়েছে।”
পুলিশ সুপার জানান, কাশিমপুর কারাগারসহ আশপাশের এলাকায় আইনশৃংখলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। সার্বিক পরিস্থিতি ‘ভালো’।
“বুধবার জামায়াতের ডাকা নামেমাত্র হরতাল থাকলেও পুলিশ সর্বত্র তৎপর রয়েছে।”
মীর কাসেমের রিভিউ আবেদন খারিজের প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামী সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকে, যাদিও তাতে জনজীবনে তেমন কোনো প্রভাব চোখে পড়েনি।
