আনসারউল্লাহর চার সদস্য ১৯ দিনের রিমান্ডে
অস্ত্র ও বোমাসহ গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যকে তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৯ দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
রোববার ফরিদপুর ৩ নম্বর আমলী আদালতের বিচারক মইনুল ইসলাম এই আদেশ দেন।
ফরিদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার আনসারউল্লাহ বাংলা টিমের ফরিদপুর অঞ্চলের প্রধান ফরিদ মৃধা, তার তিন সহযোগী নাহিদ মোল্যা, সহিদুল ইসলাম ও মহসীন মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফ্রিং করে তাদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার নাহিদ মোল্যার নামে এবছরের ১৩ এপ্রিল ময়মনসিংহে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেও আরেকটি একটি মামলা রয়েছে।
কামরুজ্জামান জানান, ওই চার জঙ্গির বিরুদ্ধে সদরপুর থানার অস্ত্র মামলায় পাঁচ দিনের এবং বিস্ফোরক মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া ভাঙ্গা থানায় করা বিস্ফোরক মামলায় আরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
ফরিদপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর খন্দকার জাহিদ হোসেন জয় জানান, ফরিদপুরের ৩ নম্বর আমলী আদালতের বিচারক মইনুল ইসলামের আদালতে ওই চার জঙ্গিকে হাজির করে পৃথক তিনটি মামলায় পুলিশ রিমান্ডের আবেদন জানায়। আদালত তা মঞ্জুর করে।
