খন্দকার মোশাররফের সাবেক এপিএস জেল হাজতে
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ও মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব সত্যজিৎ মুখার্জীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ফরিদপুর আদালতের বিচারক মো. মাসুদ আলী বুধবার সত্যজিৎকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, সকালে সত্যজিৎ মুখার্জীকে আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে আদালতের নির্দেশে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
ফরিদপুর জজ আদালতের এপিপি জাহিদ ব্যাপারী জানান, সত্যজিতের নামে ফরিদপুর কোতোয়ালি থানায় বিভিন্ন সময়ে দায়ের করা ১৯টি মামলার মধ্যে ১৮টিরই অভিযোগপত্র হয়েছে।
“এরমধ্যে ফরিদপুর সদর থানার একটি মামরায় (জিআর ৩৭৫/১৫) গ্রেপ্তার দেখিয়ে তাকে পুলিশ আদালতে হাজির করে।”
২০১৫ সালের ১৬ এপ্রিল বিভিন্ন অভিযোগের কারণে সত্যজিৎকে তৎকালীন প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস-এর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন।
এপিএস পদ থেকে অপসারণের পর জেলা ছাত্রলীগ জরুরি সভা করে সংগঠন বিরোধী কার্যকলাপ, ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সত্যজিৎ মুখার্জীকে জেলা কমিটির সাধারণ সম্পাদক পদ ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করে।
পরে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ১৯টি মামলা হয়। মামলার শুরু থেকেই তিনি পলাতক ছিলেন। গত সোমবার রাতে রাজধানীর নাখালপাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
