গণহত্যায় দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি
গণহত্যার দায়ে দণ্ডিতদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শহরিয়ার কবির।
শেরপুর সার্কিট হাউজে শুক্রবার রাতে নির্মূল কমিটির জেলা শাখার বর্ধিত সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
শহরিয়ার কবির বলেন, জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগীদের যত আর্থিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে নিতে হবে। এদের সন্তানদের উপর কঠোর নজরদারী করতে হবে।
“গণহত্যার জন্য যেসব মৌলবাদী ও জামায়াত নেতার বিচার হয়েছে তাদের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবার, মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের কল্যাণে ব্যয় করতে হবে।”
আমাদের পাঠ্যসূচির মধ্যে এখনও মৌলবাদী ও সাম্প্রদায়িক বিষয় রয়েছে দাবি করে তিনি এই শিক্ষা কার্যক্রমের আমূল পরিবর্তন দরকার বলে উল্লেখ করেন।
“এখনও সেখানে গোলাম আযমের জীবনী পড়ানো হয়, মওদুদীর জীবনী পড়ানো হয়, মওদুদীবাদ পড়ানো হয়। এখনও সেগুলো সংশোধন করা হয়নি।”
“সরকারকে আমরা দাবি জানিয়েছি উচ্চ পর্যায়ের একটা নিরাপত্তা কাউন্সিল করার জন্যে, যেখানে নিরাপত্তা বিশ্লেষকরা থাকবেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদরা থাকবেন।”
সর্বস্তরে জঙ্গি-মৌলবাদ নির্মূলের পদক্ষেপগুলো বাস্তবায়িত করতে হলে সার্বিক এবং সামগ্রিক কর্মসূচি দরকার বলে মনে করেন তিনি।
শিক্ষাবিদ সুধাময় দাসের সভাপতিত্বে নির্মূল কমিটি শেরপুর জেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন শাহরিয়ার কবির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী জেয়াদ-আল মালুম, এরোমা দত্ত, জেলা কমিটির সদস্য সচিব হারেজ আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার নূরুল ইসলাম হিরু, জেলা সেকক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান প্রমুখ।
সভায় আগামী তিন মাসের মধ্যে জেলা কমিটির সম্মেলন করার জন্য মুক্তিযোদ্ধা গোলাম মওলাকে আহ্বায়ক এবং হারেজ আলীকে সদস্য সচিব করে ২৭ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
