কালিয়াকৈরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার মধ্যরাতে সফিপুর পল্লীবিদ্যুৎ এলাকায় ‘ট্রপিক্যাল নিটেক্স’ কারখানার তৃতীয় তলায় আগুন ধরে। শনিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
কালিয়াকৈর ফায়ার স্টেশন অফিসার অপূর্ব বল জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে কারখানার পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুন ধরে।
“অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।”
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. আর্দেশ আলী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
“ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরো কয়েক ঘণ্টা সময় লাগবে।”
আগুনে কোনো হতাহতের খবর জানা যায়নি বলেও তিনি জানান।
