২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবে ১৬ জেলে নিখোঁজ

বৈরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে দুইটি মাছ ধরা ট্রলার ডুবে বরগুনার ১৬ জেলে নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 03:39 PM

Updated : 12 Apr 2022, 02:41 AM

মঙ্গলবার রাতে পাথরঘাটা উপজেলার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে ও আলোরকোল এলাকায় এফবি অভি ও এফবি ভাইবোন নামের দুটি ট্রলার ডুবে যায় বলে জানিয়েছে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।

সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ট্রলার দুটি ২৯ জেলেসহ ডুবে যায়। ঘণ্টাখানেক পরে ভাসমান অবস্থায় ১৩ জেলেকে উদ্ধার করা হলেও ১৬ জেলে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ জেলেদের মধ্যে সেলিম মাঝি, আবু, হাচান আলী, কনু, মিলন, আবুল হাসান, সালেক, হাবিব, খলিল, কনু মিয়া, আলম, ঈসা ও হোসেন মীরের নাম জানা গেছে বলে জানান তিনি।

ডুবে যাওয়া ট্রলার এফভি অভির মালিক আশুতোষ সরকার বলেন, বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিল তার ট্রলারের জেলেরা। হঠাৎ ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়।

এফবি অভি ট্রলারের উদ্ধার হওয়া জেলে আরিফ হোসেন বলেন, ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে একপর্যায় সেটি ডুবে যায়। পরে ট্রলারে থাকা জেলেদের মধ্যে ৯ জনকে উদ্ধার করা হলেও ৮ জেলে নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের বাড়ি বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানান তিনি।

পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ বলেন, ট্রলার ডুবির ঘটনা শুনেছেন। তবে এখনও কোস্টগার্ডের পক্ষে থেকে কোনো উদ্ধার কার্যক্রম শুরু করা হয়নি।