২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গৃহবধূ খুন, স্বামী-সতিন গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী ও এক সতিনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 03:02 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

বড়ইছুটি এলাকায় শনিবার রাতে রহিমা বেগমকে (২৮) গলা কেটে হত্যা করা হয়। রহিমা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নেকুরতলী গ্রামের হযরত আলীর (২৮) দ্বিতীয় স্ত্রী।

রোববার সকালে হযরত আলী (২৮) এবং হযরত আলীর তৃতীয় স্ত্রী কাজলী বেগমকে (২২) গ্রেপ্তার করা হয়।

কালিয়াকৈর থানার এসআই আশরাফ উদ্দিন জানান, ১২ বছর আগে প্রথম স্ত্রী চলে যাওয়ার পর হযরত আলী বিয়ে করেন রহিমাকে। তাদের আট বছরের এক ছেলে রয়েছে।

আশরাফ বলেন, পাঁচ বছর আগে হযরত আবার কাজলী বেগমকে বিয়ে করেন। এক বছর ধরে স্থানীয় বড়ইছুটি গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে তিনি দুই স্ত্রীকে নিয়ে থাকছিলেন। তিনি বিভিন্ন কারখানায় চাকরি করেন।

“দাম্পত্য কলহের জেরে শনিবার রাত ২টার দিকে হযরত আলী ও তার তৃতীয় স্ত্রী কাজলী মিরে রহিমাকে তার ছেলের সামনে দা দিয়ে গলা কেটে হত্যা করেন।”

এসআই আশরাফ আরও জানান, এ সময় নিহতের ছেলে চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে হযরত ও কাজলীকে আটক করে পুলিশে খবর দেয়। রোববার সকালে পুলিশ তাদের থানায় নিয়ে যায় ও লাশ উদ্ধার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।