হাতিয়ার মেঘনায় কার্গো জাহাজডুবি, সবাই উদ্ধার
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে পণ্য নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
রোববার সকাল ১০টার দিকে কেরিং চরের পূর্বপাশে এ কর্গো ডুবিতে কেউ হতাহত হয়নি বলে জানান হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নুরুল ইসলাম।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কামরুন্নাহার ৩ নামে কার্গো জাহাজটি আরেকটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
“ডুবে যাওয়ার সময়ই জেলেদের সহায়তায় জাহাজের চালকসহ ১৩ শ্রমিক-কর্মচারী সবাইকে জীবিত উদ্ধার করে নৌ পুলিশ ও কোস্টাগার্ড।”
তবে, ডুবে যাওয়া কার্গোটি এখনও উদ্ধার করা যায়নি।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন অফিসার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক জানান, কার্গো জাহাজটির পেছনের অংশ ছাড়া পুরোটাই নদীতে নিমজ্জিত রয়েছে। ফলে এটি উদ্ধারে সময় লাগতে পারে।
কার্গোটিতে সিমেন্ট জাতীয় কাঁচামাল ছিল বলেও জানান তিনি।
