২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের ৪০০ কেজি চাল উদ্ধার, মামলা

বগুড়ার ধুনট উপজেলার একটি বাজার থেকে বন্যাদুর্গতদের নামে সরকারি বরাদ্দ ৪০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 08:00 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

শনিবার বিকালে উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের ভাণ্ডারবাড়ি বাজারের অভিযান চালিয়ে ত্রাণের আট বস্তা চাল উদ্ধার করা হয় বলে জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) একেএম সরোয়ার জাহান।

এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিয়াজুল ইসলাম বাদী হয়ে চাল ব্যবসায়ী মোখলেছুর রহমান ওরফে আলীর (৪০) বিরুদ্ধে মামলা করেছেন।

মোখলেছুর উপজেলার বানিয়াজান চল্লিশপাড়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে এবং ভাণ্ডারবাড়ি বাজারের চাল ব্যবসায়ী।

মামলার বরাত দিয়ে ইউএনও সরোয়ার বলেন, ইউপি সচিব ফরহাদ হোসেনের সঙ্গে যোগসাজসে ত্রাণের চাল কেনে মোখলেছুর। গোপন খবর পেয়ে শনিবার দুপুরে মোখলেছুরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আট বস্তায় ৪০০ কেজি চাল উদ্ধার করা হয়।

অভিযানের পর থেকে মোখলেছুর পলাতক রয়েছেন বলে জানান তিনি।

মোখলেছুরকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান।