জামালপুর-সরিষাবাড়ি ট্রেন চলাচল শুরু
রেল লাইনের বন্যার পানি উঠে বন্ধ হয়ে যাওয়ার আট দিন পর জামালপুর-সরিষাবাড়ি রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
লাইন থেকে পানি নেমে যাওয়ায় শনিবার বেলা ১১টা থেকে এ রুটে ট্রেন চলাচল শুরু হয় বলে জামালপুর জংশন রেল স্টেশনের মাস্টার জহুরুল ইসলাম জানিয়েছেন।
গত ৩০ জুলাই রেল লাইন বন্যায় তলিয়ে যাওয়ায় জামালপুর-সরিষাবাড়ি ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জহুরুল বলেন, “বন্যার পানিতে রেল লাইন ডুবে যাওয়ার পাশাপাশি লাইনের নিচ থেকে মাটি ধসে যাওয়ায় জামালপুর-সরিষাবাড়ি রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।
“পানি নেমে যাওয়ায় এবং সংস্কার কাজ শেষে বেলা ১১টা থেকে এ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।”
এছাড়া লাইনে পানি ওঠায় জামালপুর-দেওয়ানগঞ্জ রুটেও তিন দিন ট্রেন চলাচল বন্ধ থাকে। পানি নেমে যাওয়ায় গত ১ অগাস্ট ট্রেন চলাচল শুরু হয়।
