২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতায়নের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একটি গ্রামে বিদ্যুতায়নের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মুত্যু হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 06:44 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

শুক্রবার সোনাপাড়া গ্রামে এ দুর্ঘটনায় মৃত শিশুরা হলো ওই গ্রামের মাহমুদ হোসেনের ছেলে মাহিন হোসেন (১০) ও আমিনুল ইসলামের ছেলে সোহাগ ইসলাম (১০)।

স্থানীয় স্কুল শিক্ষক মিঠু জানান, বেলা ১২টার দিকে সোনাপাড়া গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে জনসভার আয়োজন করা হয়। দুপুরে জুমার নামাজ আদায় করতে অতিথিসহ সবাই মঞ্চ ও সভাস্থল ছেড়ে মসজিদে যান।

“ওই সময় সভামঞ্চের নীচে খেলতে গিয়ে বিদ্যুতের খোলা তারে জড়িয়ে যায় ওই দুই শিশু। উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত সাপেক্ষে এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।