২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু

হামলায় আহত হওয়ার আটদিন পর রাজশাহী অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্র মারা গেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 05:55 PM

Updated : 12 Apr 2022, 02:36 AM

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ফারহান খন্দকার স্বাক্ষরের মৃত্যু হয় বলে মতিহার থানার ওসি হুমায়ন কবির জানান।

মৃত স্বাক্ষর রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালীর মোস্তফা কামাল বাবলুর ছেলে। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ওসি হুমায়ন কবির বলেন, শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

“এ ঘটনায় স্বাক্ষরের বাবার দায়ের করা অভিযোগ হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে।”

তবে কারা তার উপর হামলা করেছে তা বলতে পারেননি ওসি।

ওসি জানান, গত ২৮ জুলাই বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একদল লোক স্বাক্ষরকে পিটিয়ে জখম করে। তাকে রক্ষা করতে গিয়ে তার সহপাঠী তারিক জামিল আহত হন।

পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে স্বাক্ষরের অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরপর থেকে স্বাক্ষর সেখানেই চিকিৎসাধীন ছিলেন।