২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়াল তীরে ‘ইউএনও পার্ক’ উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের পেছনে বড়াল নদের তীরে উদ্বোধন করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যঘেরা ইউএনও পার্ক।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 12:45 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

সম্প্রতি বাগাতিপাড়া বাজারের কাছে বড়াল নদের মালঞ্চী নামক স্থানে ১০০ মিটার একটি সেতুর নির্মাণকাজ শেষ হয়। এরপর সেখানে এই পার্ক গড়ে তোলার উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে সেতু ও পার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান পার্ক সম্পর্কে বলেন, এলাকাটা আগে মাদকাসক্তদের আড্ডাখানা ছিল।

“উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ফরহাদ আহমদ এখানে একটা পার্ক গড়ে তোলার কথা জানালে সবাই তাতে সাড়া দেয়।”

পার্কটার নাম ‘ইউএনও’ হলে সরকারিভাবে এর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত হবে এই চিন্তা থেকে এর এই নামকরণ বলে জানান চেয়ারম্যান।

ইউএনও ফরহাদ আহমদ বলেন, সরকারের ইনোভেশন কর্মসূচি ও জনগণের চাহিদা বিবেচনা করে পার্কটি নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যেই স্থাপন করা হয়েছে বেশ কিছু সোলার প্যানেল। বানানো হয়েছে ১৫টি বসার জায়গা।

“লাগানো হয়েছে কয়েক হাজার সৌন্দর্যবর্ধক গাছের চারা। ভ্রমণপিপাসুদের জন্য নদীতে নামানো হয়েছে দুটি নৌকা।”

এছাড়া পার্কের প্রবেশমুখে রেলপথ ও সড়কপথের মাঝে গাছের ছায়ায় ফুটপাত, গাড়ি পার্কিং ও পিকনিক স্পটের পরিকল্পনা বাস্তবায়নের পথে বলে তিনি জানান।

তিনি বলেন, পুরো প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠতে পারে।

পার্কে বেড়াতে আসা বাগাতিপাড়া ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিক ও রাব্বি বলেন, বড়াল নদের সৌন্দর্য উপভোগের এক সম্ভাবনাময় স্থান হয়ে উঠতে পারে ইউএনও পার্ক।

বাগাতিপাড়া বাজারের স্টেশনারি দোকানি পল্লব মোহাইমেন বলেন, আগে আশপাশে কোথাও বসার বা দাঁড়ানোর কোনো ব্যবস্থা ছিল না। নদীর পাশে পার্ক হওয়ায় ক্লান্তির ফাঁকে দু দণ্ড বসার একটা জায়গা হল।

মনের শান্তির জন্য সব এলাকায় সবার নাগালের মধ্যে এ রকম পার্ক থাকা দরকার বলে বেড়াতে আসা দর্শনার্থীরা জানান।