২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিস স্কুল বন্ধের নির্দেশ হলেও বগুড়া ও ঠাকুরগাঁওয়ে ছুটি ঘোষণা

ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধের পর অনুমোদনহীন পিস স্কুলগুলোও বন্ধে সরকার নির্দেশ দিলেও বগুড়া ও ঠাকুরগাঁওয়ে  ছুটি ঘোষণা করা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বগুড়া ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 09:52 PM

Updated : 12 Apr 2022, 02:35 AM

বগুড়ায় সাত দিন ও ঠাকুরগাঁওয়ে ৯ দিনের ছুটি ঘোষণা দিয়ে নোটিশ দেওযা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বগুড়া ক্যাম্পাসের প্রিন্সিপাল আহাদ আলী বলেন, বুধবার থেকে সাত দিনের জন্য স্কুল ছুটি ঘোষণা করে অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়েছে।

পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হামিদা খানম বলেন, “স্কুল বন্ধে আমরা মন্ত্রণালয় থেকে কোনো চিঠি পাইনি। খবরে পিস স্কুল বন্ধের কথা জেনে আপাতত ছুটি দেওয়া হয়েছে।

“চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেব।”

এদিকে পিস স্কুলের ঠাকুরগাঁও ক্যাম্পসের মূল ফটকের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে ছুটির ঘোষণা।

বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুমোদনহীন পিস ইন্টারন্যাশনাল স্কুলে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি সরেজমিনে দেখেন, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সারাদেশে অনুমোদনহীন পিস স্কুলগুলো বন্ধের ঘোষণা দেওয়া পর মূল ফটকের সাইনবোর্ড খুলে ফেলেছে কর্তৃপক্ষ। এমনকি মুল ফটকের সামনে ৩ থেকে ১১ অগাস্ট পর্যন্ত সাময়িক ছুটির ঘোষণা ঝুলিয়ে দেওয়া রয়েছে।

অভিভাবক উম্মে কুলসুম জানান, সকালে স্কুলে এসে দেখেন মূল ফটকে ছুটির নোটিস। স্কুল কর্তৃপক্ষ না জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আরেক অভিভবাক কবিরুল ইসলাম বলেন, শোনা যাচ্ছে স্কুলটি বন্ধ হয়ে গেছে। কিন্তু কর্তৃপক্ষ বলছে অল্পকিছুদিনের মধ্যে বিদ্যালয়টি অন্য নামে পরিচালিত করবেন।

 এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

জেলা শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলায় অনুমোদনহীন পিস ইন্টারন্যাশনাল স্কুলগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

পিস স্কুলগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ।

ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পিস টিভি বাংলাদেশে বন্ধের পর ‘পিস স্কুল’গুলোর কর্মকাণ্ডের খোঁজ-খবর নিতে শুরু করে সরকার।

জাকির নায়েকের মতাদর্শ অনুসরণ করেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ‘পিস’ শব্দ জুড়ে দিয়ে বিভিন্ন নামে এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

গুলশান হামলাকারী অন্তত দুজন জাকির নায়েকের বক্তব্যে প্ররোচিত হয়েছিলেন বলে অভিযোগ ওঠার পর পিস টিভির সম্প্রচার বন্ধে গত ১১ জুলাই সরকারের সিদ্ধান্ত আসে।

ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এ টি এম মইনুল হোসেন এর আগে জানিয়েছিলেন, ঢাকার লালমাটিয়ায় পিস স্কুল নামে একটি ইংরেজি মাধ্যমের স্কুলের সাময়িক নিবন্ধন দিয়েছেন তারা। পিস স্কুল নামে অন্য কোনো প্রতিষ্ঠানের কোনো অনুমোদন নেই।