রাজশাহীতে নিহত নজরুল জেএমবি: পুলিশ
রাজশাহীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত নজরুল ইসলাম জেএমবি সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীসহ একাধিক হত্যা মামলার আসামি বলে দাবি পুলিশের।
বুধবার রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ কথা বলেন।
মঙ্গলবার ভোরে রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি আশরাফের মোড় এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান নিহত হন।
নজরুল পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনারহার গ্রামের আব্দুল্লাহ মিয়া মুন্নার ছেলে। তার লাশ এখনও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রয়েছে। নিহতের একদিন পর পুলিশ নজরুলের পরিচয় জানাল।
রাজশাহী নগরীতে বাড়ির ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের ফরম ও জঙ্গিবাদ বিরোধী লিফলেট বিতরণ করছেন কমিশনার শফিকুল ইসলাম
তিনি সাংবাদিকদের বলেন, পঞ্চগড়ের সোনারহার মাদ্রাসার ছাত্র থাকাকালে দেড় বছর আগে ‘জেএমবির এই সক্রিয় ক্যাডার’ নিখোঁজ হন।
“নজরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীসহ সম্প্রতিককালে উত্তরাঞ্চলে ঘটে যাওয়া ১১টি হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন।”
তার সন্ধান চেয়ে আইনশৃঙ্খলা বাহিনী এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করে গত ৩০ জুলাই পত্রিকায় বিজ্ঞাপন দেয় বলেও জানান তিনি।
পুলিশ কমিশনার আরও বলেন, নজরুলের মতো একজনের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর মঙ্গলবার রাতে খড়খড়ির আশরাফের মোড় এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।
“সেখানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নজরুল গুলিবিদ্ধ হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তার ছবি পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় পাঠানো হয়। সেখানকার পুলিশ ওই ছবি নজরুলের পরিবারের সদস্যদের কাছে দেখিয়ে পরিচয় নিশ্চিত করা হয় বলে পুলিশ কমিশনার জানান।
নিহত নজরুল যেসব হত্যাকাণ্ডে জড়িত তার একটি তালিকা বুধবার বিকালে মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
নজরুল যেসব হত্যাকাণ্ডে জড়িত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী, রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি, খাদেম রহমতুল্লাহ, বাহাই সম্প্রদায়ের নেতা ডা. রুহুল আমিন, গাইবান্ধার ব্যবসায়ী তরুন দত্ত, জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র, কুড়িগ্রামে ধর্মান্তরিত হোসেন আলী সুমন, পঞ্চগড়ের মঠের মহারাজ যোগেশ্বর দাসাধিকারী, টাঙ্গাইলে দর্জি নিখিল, পাবনায় সেবায়েত নিত্যরঞ্জন, কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক মীর সানোয়ার রহমান, নাটোরে মুদি দোকানি সুনীল গোমেজ ও দিনাজপুরের রানীরবন্দরে ধীরেন্দ্রনাথ হত্যাকাণ্ড।
