রাজশাহীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
রাজশাহীর মতিহার থানায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে; আহত হয়েছে তিন পুলিশ।
মঙ্গলবার ভোর ৪টার দিকে খড়খড়ি আশরাফের মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।
নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ কর্মকর্তা ইফতে খায়ের বলছেন, মঙ্গলবার ভোর ৪টার দিকে আশরাফের মোড় এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ অভিযানে গেলে একদল সন্ত্রাসী পুলিশের ওপর হাতবোমা ছোড়ে এবং গুলি নিক্ষেপ করে।
“পুলিশ পাল্টা গুলি করলে একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল ও বিস্ফোরিত বোমার কিছু খোসা উদ্ধার করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইফতে খায়ের।
তিনি বলেন, দুই পক্ষে গুলিবিনিময়ের সময় তিন পুলিশ আহত হওয়ায় তাদের পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
