সুন্দরবন টেক্সটাইলে ধর্মঘট দ্বিতীয় দিনে
মজুরি বৃদ্ধির দাবিতে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিল শ্রমিকদের ধর্মঘট দ্বিতীয় দিনও অব্যাহত রয়েছে। অচল হয়ে পড়েছে মিলের কার্যক্রম।
কাজে যোগ না দিয়ে মঙ্গলবার সকালে মিলের প্রধান ফটকে অবস্থান নেন কয়েকশ শ্রমিক। পরে তারা সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে এ মিলের সাড়ে তিনশ শ্রমিক সোমবার থেকে অনির্দিষ্টিকালের জন্য কাজ বন্ধ করে আন্দোলনে নেমেছেন।
আন্দোলনকারী শ্রমিকদের সংগঠক মনির হোসেন বলেন, তাদের দাবি আদায়ের জন্য তারা সারারাত মিলে গেটসভা করেছেন। ‘বাঁচার মতো’ ন্যূনতম মজুরি তিনশ’ টাকা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবেন না।
আরেক সংগঠক শারমিন আক্তার আনোয়ারা বলেন, তাদের দিনপ্রতি ১১০ থেকে সর্বোচ্চ ১৪০ টাকা মজুরি দেওয়া হয়। এ নিয়ে গত এক বছর যাবত মিল কর্তৃপক্ষের কাছে মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি জানিয়ে আসছেন তারা।
কিন্তু তাদের কথায় মিল কর্তৃপক্ষ কর্ণপাত না করায় বাধ্য হয়ে তাদের রাজপথে নামতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শ্রমিক নেতা রেক্সোনা বলেন, নানা ধরনের হুমকি মাথায় নিয়ে তারা দ্বিতীয় দিনের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
“সোমবার থেকে ডাকা ধর্মঘটে আন্দোলনরত বেশিরভাগ শ্রমিকের পেটে এ পর্যন্ত কোনো দানাপানিও পড়েনি।”
শ্রমিক জাকির হোসেন বলেন, মিল কর্তৃপক্ষ তাদের সাথে সব সময় অবিচার করে। বিদ্যুৎ না থাকলে তাদের কর্মঘণ্টা কেটে নিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
শ্রমিক নেতা গুরুপদ সরকার বলেন, “সারাদেশে কোথাও এত কম মজুরি নেই। আমরা মাস শেষে ২৫শ থেকে তিন হাজার টাকা বেতন পাই। তাতে ঘর ভাড়াই ওঠে না। দুমুটো ভাত না পেলে কাজ করব কেন।”
বেতন ন্যূনতম দৈনিক ৩০০ টাকা করা না হলে মিল অচল করে দেওয়ার হুমকি দিয়ে তিনি বলেন, বুধবারের মধ্যে দাবি মানা না হলে আন্দোলনরত শ্রমিকরা বৃহত্তর কর্মসূচি দেবে।
এ ব্যাপারে সুন্দরবন টেক্সটাইল মিলের ব্যবস্থাপক ব্যবস্থাপক আবু হানিফ বলেন, “মিলটি চলছে সার্ভিস চার্জ ভিত্তিতে। বিভিন্ন মিল থেকে মজুরি বৃদ্ধির দাবি উঠছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উপর থেকে সিদ্ধান্ত আসলে বেতন বৃদ্ধি করা হবে।”
এর বেশি তার কিছু করার নেই বলে জানান তিনি।
