২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বৃদ্ধির দাবিতে সুন্দরবন টেক্সটাইলে ধর্মঘট

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে কাজ বন্ধ করে দিয়েছে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইলের শ্রমিকরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 12:26 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

সোমবার সকালে শহরের এই কারখানার প্রধান ফটকে অবস্থান নেয় সাড়ে ৩০০ শ্রমিক। পরে তারা সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গিয়ে বিক্ষোভ দেখিয়ে আবার কারখানা প্রাঙ্গণে ফিরে অবস্থান নেয়।

শ্রমিক পবিত্র মণ্ডল বলেন, দৈনিক আট ঘণ্টা কাজ করে তারা ১২০ টাকা মজুরি পান। এতে যাওয়া-আসার খরচ বাদ দিয়ে তিন বেলা দুমুটো ডাল-ভাতও জোটে না তাদের।

শ্রমিক জাকির হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ তাদের সঙ্গে সব সময় অবিচার করে। বিদ্যুৎ না থাকলে তাদের কর্মঘণ্টা কেটে নিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

শ্রমিক রেক্সোনা বলেন, “দেশের কোথাও এত কম মজুরি নেই। আমরা মাস শেষে আড়াই থেকে তিন হাজার টাকা বেতন পাই। তাতে ঘর ভাড়াই হয় না। দুমুটো ভাত না পেলে কাজ করব কেন?”

কারখানার ব্যবস্থাপক আবু হানিফ বলেন, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ওপর থেকে সিদ্ধান্ত হলে মজুরি বাড়ানো হবে।

কারখানায় বর্তমানে সাড়ে ৩০০ শ্রমিক কাজ করছেন জানিয়ে তিনি বলেন, মজুরি বৃদ্ধির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

অপরদিকে তিন দিনের মধ্যে মজুরি ৩০০ টাকা করার দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।