যমুনায় উদ্ধার দুই নারী ও এক শিশুর লাশ শনাক্ত
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদীতে পাওয়া বস্তাবন্দি দুই নারী ও এক শিশুর মৃতদেহের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামে।
এরা হলেন ওই গ্রামের বাদল মন্ডলের স্ত্রী নাসরিন মন্ডল (৩০), হাদিকুলের স্ত্রী মেহেরুন আক্তার (৪৮) ও মেহেরুনের পালিত নাতনি জাইমতি (৪)। নাসরিন মেহেরুনের ভাতিজি।
সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিহতের স্বজনরা সোমবার রাতে তাদের শনাক্ত করেন বলে এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান। ওইদিন দুপুরে যমুনায় তাদের লাশ পাওয়া যায়।
শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার বেলা ১১টার দিকে জাইমতিকে ডাক্তার দেখানোর কথা বলে তাকেসহ ওই দুই নারী শ্রীপুরের মাওনা-চৌরাস্তার উদ্দেশে বাড়ি থেকে বের হন।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ওইদিন বেলা ২টার দিকে নাসরিন আক্তারের সঙ্গে তার স্বামী বাদল মন্ডলের সর্বশেষ কথা হয়। বিকাল ৫টার দিকে বাড়ি না ফেরায় মোবাইল ফোনে কল করে বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।
বাদল মন্ডলের ভগ্নিপতি মনিরুজ্জামান বলেন, সোমবার দুপুরে সিরাজগঞ্জে যমুনা নদী থেকে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের খবর গণমাধ্যমে দেখে তারা খোঁজ নিতে শুরু করেন।
“রাত ১১টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে গিয়ে তারা মৃতদেহগুলো শনাক্ত করেন।”
শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, মৃতদের অবস্থান ও পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পরিবারের লোকজন সোমবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিন মৃতদেহ শনাক্তের জন্য তাদেরকে সিরাজগঞ্জে যেতে বলা হয়েছে।
এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, সোমবার বেলা সোয়া ১১টার দিকে যমুনা নদীতে দুটি বস্তা ভেসে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ নদী থেকে বস্তা দুটি উদ্ধার করে একটির ভেতর এক শিশু ও নারী এবং অপরটিতে আরেক নারীর মৃতদেহ পায়।
“মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখানেই তাদের স্বজনেরা সোমবার রাতে তাদের পরিচয় নিশ্চিত করেন।”
