সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত জাবি ছাত্র
সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন, আহত হন একই বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র।
শুক্রবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত রহমান মিশু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ- বিজ্ঞান বিভগের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র।তিনি কুমিল্লা শহরের পুরাতন চৌধুরী পাড়ার আক্তার হোসেনের ছেলে।
আহত হামিদুর রহমান যশোর সদরের মথুরাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।তাকে হাটিকুমরুলের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন এ দুই ছাত্র।
“বেলা ২টার দিকে সলঙ্গায় বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মিশুর মৃত্যু হয়।”
ওসি জানান, পুলিশ নিহতের লাশসহ আহত ছাত্রকে হাটিকুমরুল মোড়ে অবস্থিত সাখাওয়াত মেমোরিয়াল হসপিটালে নিয়ে যায়। সেখানে হামিদুরের অবস্থার অবনতি হলে বিকালে তাকে ঢাকায় পাঠানো হয়।
ট্রাকের চালক সিরাজগঞ্জের সাইদুর রহমানকে আটক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে বলে জানান ওসি।
