২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির নিরাপত্তায় যুক্ত হচ্ছে আনসার 

নিজস্ব নিরাপত্তায় আনসার বাহিনীকে যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইব্রাহীম খলিল,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 05:37 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

আগামী ১ অগাস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে আনসার বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও কর্তৃপক্ষের নিয়োগ করা প্রহরীদের দিয়ে সামগ্রিক নিরাপত্তা জোরদার করা সম্ভব না হওয়ায় ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় পুলিশকে দায়িত্ব দেওয়া হয়।

এই আনসার সদস্যরা পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রহরীদের সঙ্গেই কাজ করবেন।    

প্রক্টর অফিস জানায়, গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের ৪৬৬তম সিন্ডিকেটে ক্যাম্পাসে আনসার বাহিনীর সদস্যদের নিয়ে আসার সিদ্ধান্ত হয়।

ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্যায়ে ‘পাইলট প্রকল্প’ হিসেবে ৩০ জন আনসার সদস্যকে বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হবে। তার ৭-৮টি পয়েন্টে ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

তবে প্রথম পর্যায়ে কোনো আনসারের হাতেই অস্ত্র রাখা হবে না। ধীরে ধীরে এই কাজে বিশ্ববিদ্যালয় উপকৃত হলে অস্ত্রসহ আনসার বাহিনীর সদস্যদের দায়িত্ব দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরই মধ্যে আনসার বাহিনীর ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামী মাস থেকে ক্যাম্পাসে প্রথম পর্যায়ে ৩০জন আনসার দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় থেকে নিরাপত্তা প্রহরী নিয়োগ দেয়ার পরও আনসার বাহিনীর প্রয়োজনীতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমরা নিরাপত্তার জন্য বিভিন্ন গেটে কিংবা ভবনে যেসব ব্যক্তিদের চাকরি দিয়েছি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। তাই বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ খরচ করে নতুন করে আনসার বাহিনী নিয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে।” 

প্রক্টরের দপ্তর জানায়, নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির জন্য ২০০৯ সালে প্রথম বিশ্ববিদ্যালয়ে অস্থায়ীভাবে পুলিশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আর ক্যাম্পাস থেকে পুলিশ সরানো হয়নি।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের মধ্যে ছাত্রদের ১১টিতে ৬ জন করে মোট ৬৬ জন পুলিশ সদস্য ২৪ ঘণ্টা অবস্থান করছেন। তারা আবাসিক হলের কয়েকটি কক্ষ ব্যবহার করেন।

এদিকে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে উপাচার্যের বাস ভবন, প্রশাসন ভবন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কাজলা গেট, বিনোদপুর গেট, চারুকলা গেট বদ্ধভূমি ও বিশ্ববিদ্যালয় স্টেশন গেটে ৬-৭ জন করে মোট পুলিশ রাখা হয়েছে। তারা সার্বক্ষণিক সেখানে প্রহরায় থাকেন।

এছাড়া পুরো ক্যাম্পাসে পুলিশের টহল গাড়ি রয়েছে আরও ৩-৪টি। এসব গাড়িতে ৬-৭জন করে পুলিশ সদস্য ক্যাম্পাস টহল দিয়ে থাকেন। ২৪ ঘণ্টা তাদেরকে ক্যাম্পাসে থাকতে হয়। এছাড়াও কাজলা ও বিনোদপুরে ক্যাম্পাসের ভিতরে রয়েছে পুলিশের দুটি ফাঁড়ি থানা। দুই স্থানে অন্তত ৪০ জন পুলিশ সদস্য অবস্থান করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, শিক্ষা ও গবেষণাসহ সামগ্রিক কাজে ক্যাম্পাসে নিরাপত্তা অনেকাংশে বাড়লেও নির্বিঘ্ন হয়নি। তাই নতুন করে আনাসার সদস্যদের ক্যাম্পাসে রাখার বিষয়ে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।