২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর হামলা, ছাত্রলীগ নেতা আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কলেজ ছাত্রীকে উত্ত্যেক্তের অভিযোগে আটক ‘বখাটেকে’ ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করেছে একদল যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 08:53 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

ওই ঘটনায় পুলিশ ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুনকে আটক করেছে।

সোমবার দুপুরে নিমাইকাশারী এলাকায় এ ঘটনা ঘটে বলে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক ( তদন্ত) রফিকুল ইসলাম জানান।

পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারি এলাকায় নোমান  নামের এক ‘বখাটে’ এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় ওই ছাত্রীর অভিভাবক থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

“অভিযোগ তদন্ত করতে সিদ্ধিরগঞ্জ থানার এস আই সুমনা পারভীন ও কনেস্টেবল জুলকারনাইন নিমাইকাশির আব্দুল আজিজের বাড়িতে তদন্তে গিয়ে নোমাকে পান এবং আটক করেন।”

ওই সময় নেমানের বড় ভাই ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনের নেতৃত্বে একদল যুবক পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে নোমানকে ছিনিয়ে নেয় বলে জানান রফিকুল।

রফিকুল বলেন, হামলায় এস আই সুমনা পারভীন ও কনেস্টবল জুলকারনাইন আহত হন। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম শাকিব ও সাধারণ সম্পাদক আল মামুনসহ সাত জনকে আটক করে।

পরে আল মামুন ছাড়া বাকি ছয় জনকে দেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

এস আই সুমনা পারভীন বলেন, “হামলায় কনস্টেবল জুলকারনাইন ও আমি  আহত হয়েছি। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান, পুলিশকে মারধর ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।