বনদস্যুর আত্মসমর্পণ: ১১ জনের বিরুদ্ধে দুই মামলা
আত্মসমর্পণ করার পর সুন্দরবনের দুই বনদস্যু বাহিনী প্রধান মজনু ও ইলিয়াসসহ ১১ জনের বিরুদ্ধে দস্যুতা ও অস্ত্র আইনে দুটি মামলা করেছে র্যাব।
শুক্রবার রাতে র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আমজাদ হোসেন বাদী হয়ে খুলনার দাকোপ থানায় মামলা দুটি দায়ের করেন।
শনিবার দুপুরে তাদের খুলনার আদালতে হাজির করার কথা রয়েছে।
শুক্রবার দুপুরে বাগেরহাটের মংলা বন্দরের বিএফডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেওয়ার মধ্য দিয়ে তারা আত্মসমর্পণ করেন।
এদের মধ্যে রয়েছেন মজনু বাহিনীর প্রধান মজনু গাজী, তার দলের সদস্য বাবুল হাসান, মো. জাহাঙ্গীর হোসেন রহমত, মো.ইদ্রিস আলী, ইসমাইল হোসেন, মজনু শেখ, মো. রবিউল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, মো. এনামুল হোসেন এবং ইলিয়াস বাহিনীর প্রধান মো. ইলিয়াস গাজী ও তার সহযোগী মো. নাসির হোসেন। তাদের বাড়ি খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায়।
তাদের জমা দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি বিদেশি একনলা বন্দুক, তিনটি দোনলা বন্দুক, দুটি এয়ার রাইফেল, তিনটি ওয়ান শুটার গান, পাঁচটি শাটার গান, একটি রিভলবর ও বিভিন্ন ধরনের এক হাজার ২০টি গুলি।
র্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই বনদস্যু বাহিনীর প্রধান মজনু ও ইলিয়াসসহ ১১ জন আত্মসমর্পণের ঘটনায় র্যাব দস্যুতা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দাকোপ থানায় দুটি মামলা করেছে। শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হবে।
এর আগে গত ৩১ মে একই এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার তার নয় সহযোগীসহ দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেন। তারা বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে বন্দি রয়েছেন।
