২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সমুদ্রে মাদ্রাসাছাত্র নিখোঁজ

কক্সবাজারে সাগরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2016, 11:34 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

শুক্রবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এএসপি মো. রায়হান কাজেমী।

নিখোঁজ শিশু কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার ব্যবসায়ী মোহাম্মদ শফিকের ছেলে মোহাম্মদ শিহাদ (১১)। সে শহরের বদরমোকাম মসজিদ এলাকার এমদাদিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

এএসপি রায়হান কাজেমী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বেলা আড়াইটার দিকে বৈদ্যঘোনা এলাকার ৪/৫ জন শিশু দলবেঁধে সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সমুদ্র সৈকতে ফুটবল খেলে। খেলার শেষে সবাই সমুদ্রে গোসল করতে নামে।

“ওই সময় সমুদ্রে ভাটা চলছিল। গোসলের এক পর্যায়ে শিহাদ ভাটার টানে ভেসে যায়। দীর্ঘক্ষণ ধরে সঙ্গে থাকা বন্ধুরা তাকে খোঁজাখুঁজি করেও পায়নি।”

রায়হান বলেন, ট্যুরিস্ট পুলিশের সদস্যরাও সমুদ্রের বিভিন্ন পয়েন্টে রাত ৯টা পর্যন্ত খোঁজ করে সন্ধান পাননি।

নিখোঁজ শিশুর মামা মোহাম্মদ সেলিম বলেন, বেলা ১২টার দিকে শিহাদ তার মাকে প্রতিবেশী বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। তারা ৪/৫ বন্ধু মিলে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে গোসলে নামলে শিহাদ নিখোঁজ হয়।