‘আত্মসমর্পণ করছে’ মজনু ও ইলিয়াস বাহিনী
সুন্দরবনের দুটি বনদস্যু বাহিনীর সদস্যরা শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আত্মসমর্পণ করবে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফরিদুল আলম এ তথ্য জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুন্দরবনে দস্যু বৃত্তি করে আসা মজনু ও ইলিয়াস বাহিনী শুক্রবার মংলা বন্দরের বিএফডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন।”
তাদের আত্মসমর্পণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করে বিষয়টি সম্পর্কে সবাইকে অবহিত করবেন বলেও জানান র্যাব-৮ এর অধিনায়ক।
গত ৩১ মে মংলায় ‘মাস্টার বাহিনী’ প্রধানসহ দশ দস্যু আনুষ্ঠানিক আত্মসমর্পণ করেন। বর্তমানে তারা বাগেরহাট জেলা কারগারে বন্দি রয়েছেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছে র্যাব ৮।
