‘মাস্টার বাহিনীর’ আত্মসমর্পণ: থানায় ২ মামলা
সুন্দরবনের আত্মসমর্পণকারী ‘মাস্টার বাহিনীর’ প্রধান ও তার নয় সহযোগীর বিরুদ্ধে বাগেরহাটের মংলা থানায় দুটি মামলা করেছে ব্যাব।
মঙ্গলবার রাতে র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. হাবিবুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দুটি দায়ের করেন।
ওইদিন বিকালে এই দশ জন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অস্ত্র তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
ওই সময় মন্ত্রী তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
মংলা থানার ওসি লুৎফর রহমান বলেন, র্যাব আত্নসমর্পণ করা দস্যুদের নিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুঁটিয়া ও কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে বনে তাদের লুকিয়ে রাখা ৫২টি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের প্রায় পাঁচ হাজার গুলি উদ্ধার করে।
“এ ঘটনায় ব্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে। বুধবার দুপুরে তাদের বাগেরহাট বিচারিক হাকিমের আদালতে তোলা হবে।”
ফিসিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন বলেন, গত দুই বছর ধরে বনদস্যু মাস্টার বাহিনীর অব্যাহত চাঁদাবাজিতে জেলেরা ছিল অতীষ্ঠ। বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল ও মংলা উপজেলার ট্রলার মালিক ও জেলেদের কাছ থেকে মাস্টার বাহিনী কোটি কোটি টাকা চাঁদা আদায় করেছে।
“এই বাহিনী আত্নসমর্পণ করায় জেলে সম্প্রদায় দারুণ খুশি হয়েছে; কিন্তু সুন্দরবন ও সাগরে অন্য যে বাহিনীগুলো সক্রিয় আছে তাদেরকেও হয় আত্নসমর্পণ করাতে হবে অথবা গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকারকে উদ্যোগ নিতে হবে। তাহলে আমরা নিরাপদে কাজ করতে পারব।”
ব্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির বলেন, বনদস্যু মাস্টার বাহিনীর সদস্য সংখ্যা ৩৫/৪০ জন। সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগে এই বাহিনীটির শক্ত অবস্থান ছিল। সুন্দরবন ও সাগরের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালদের কাছ থেকে টোকেন দিয়ে চাঁদা আদায়, মুক্তিপণের দাবিতে অপহরণ ও ডাকাতি ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার।
জেলে ও বনজীবীরা দাবিকৃত টাকা না দিলে দস্যুরা নির্যাতন চালাত উল্লেখ করে এই র্যাব কর্মকর্তা বলেন, মাস্টার বাহিনীর বিরুদ্ধে বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনার বিভিন্ন থানায় অন্তত ৫০টি মামলা রয়েছে।
মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁর কামালের কাছে মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ তার নয় সহযোগী আত্নসমর্পণ করেন।
