‘বনদস্যুর’ আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা পেছাল
‘বৈরী আবহাওয়ার’ কারণে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকতে না পারায় সুন্দরবনের ‘বনদস্যু বাহিনীর’ আত্মসমর্পণ অনুষ্ঠান পেছানো হয়েছে।
অবশ্য ইতিমধ্যে কথিত মাস্টার বাহিনীর প্রধানসহ সাতজন আত্মসমর্পণ করেছে।অস্ত্রসহ তাদের র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার ভোরে সুন্দবনের চরাপুঁটিয়া এলাকায় তারা অস্ত্র জমা দেন বলে র্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম জানান।
আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ‘মাস্টার বাহিনীর’ প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার (৫০)। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভোর ৬টার দিকে বাহিনীপ্রধান মোস্তফা তার ছয় সহযোগীসহ চরাপুঁটিয়া এলাকায় র্যাবের উপ-অধিনায়ক মেজর আদনান কবিরের কাছে আত্মসমর্পণ করেন।
“এ সময় তারা দেশি-বিদেশি ৫১টি আগ্নেয়াস্ত্র ও প্রায় পাঁচ হাজার গুলি জমা দেন। পরে তাদের বন বিভাগের হারবাড়িয়া স্টেশনে র্যাবের হেফাজতে রাখা হয়েছে।”
মোস্তফা বাগেরহাটের রামপাল উপজেলার কাটাখালী গ্রামের লতিফ শেখের ছেলে এবং অন্যদের বাড়ি বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন গ্রামে বলে র্যাব কর্মকর্তা ফরিদুল জানান।
এদিকে বাগেরহাটের মংলা উপজেলার বিএলএস ঘাটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের হাতে অস্ত্র তুলে দিয়ে প্রায় অর্ধশত দস্যুর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
র্যাব কর্মকর্তা ফরিদুল বলেন, বৈরী আবহাওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী না আসায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
এ পরিস্থিতিতে আত্মসমর্পণকারী সাতজন র্যাব-৮-এর হেফাজতে থাকবে বলে তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানের বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম বলেন, “সরকারিভাবে আমাকে কিছু জানানো হয়নি। র্যাব আমাকে মৌখিকভাবে জানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কথা রয়েছে।”
