২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাস্টার বাহিনীর’ ১০ সদস্য কারাগারে

সুন্দরবনের আত্মসমর্পণ করা দস্যুদল ‘মাস্টার বাহিনীর’ প্রধানসহ তার নয় সহযোগীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 06:17 PM

Updated : 12 Apr 2022, 02:10 AM

বুধবার বিকালে বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন বলে মংলা থানার ওসি লুৎফর রহমান জানান।

এরা হলেন মাস্টার বাহিনী প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার, মো. সুলতান খান (৫৮), মো. সোহাগ আকন (৩৭), মো. ফজলু শেখ (৩৫), মো. সোলাইমান শেখ (২৮), মো. শাহিন শেখ (২৮), মো. হারুন (২৪), মো. আসাদুল ইসলাম কোকিল (২৭), মো. সুমন সরকার (৩৪) ও মো. আরিফ সরদার (২২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, মঙ্গলবার বিকালে আত্নসমর্পণের পর দস্যুদের নিয়ে সুন্দরবনে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় র‌্যাবের করা অস্ত্র আইনে আলাদা দুটি মামলায় ওই দশজনকে আদালতে হাজির করা হয়।

পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার বিকালে স্বাভাবিক জীবনে ফিরতে বাগেরহাটের মংলা বন্দরের বিএফডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গোলবারুদ তুলে এ দশ জন আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

এরপর তাদের নিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুঁটিয়া ও কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে বনে তাদের লুকিয়ে রাখা ৫২ টি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের প্রায় পাঁচ হাজার গুলি উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় মঙ্গলবার রাতে র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করে।