রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা ফজলুর অভিযুক্ত
রাষ্ট্রদ্রোহের এক মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক এজিএম আল মাসুদ সোমবার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
জামিনে থাকা ফজলুর রহমান অভিযোগ গঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ১৯৮৬ সালে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ দিন আওয়ামী লীগে থাকার পর কৃষক, শ্রমিক, জনতা লীগ হয়ে কয়েক বছর আগে বিএনপিতে যোগ দেন তিনি।
কিশোরগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ কে এম আমিনুল হক চুন্নু বলেন, ২০১৪ সালের ১৯ মার্চ রাতে ইটনায় এক জনসভায় বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেন বিএনপি নেতা ফজলুর। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইটনা থানায় মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী আলী হোসেন।
সম্প্রতি তদন্ত শেষে পুলিশ ফজলুরের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে মামলাটি দায়রা জজ আদালতে আসে বলে জানান আইনজীবী চুন্নু।
