গাছে বাসের ধাক্কা, সাবেক ইউপি সদস্য নিহত
মাদারীপুরের কালকিনি উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্য মারা গেছেন।
শুক্রবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাদারীপুরের ট্রাফিক পুলিশের পরিদর্শক গোপাল কৃষ্ণ মিস্ত্রী।
নিহত খালেক মাতব্বর (৫৫) বালিগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
পরিদর্শক গোপাল বলেন, শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের ম্যালকাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে খালেক মাতব্বর গুরুতর আহত হন।
“ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।”
দুর্ঘটনায় আরও ২৩ জন আহত হলে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।
