২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রায় উত্তরের পথে যানজট নেই

ঢাকা থেকে উত্তরের পথের যাত্রীদের ভোগান্তি কমেছে ঈদের আগের দিন। যান চলাচলে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে প্রায় ২৪ ঘণ্টার ভোগান্তি শেষে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 03:46 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস মোড়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের এলেঙ্গা, করটিয়া ও পাকুল্লা, ঢাকার সাভার প্রভৃতি এলাকায় যানচলাচল স্বাভাবিক দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা।

কয়েকটি দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া ও বৃষ্টির কারণে সৃষ্ট যানজটে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত দুর্ভোগ পোহান উত্তরের পথের যাত্রীরা।

বুধবার দুপুর ১২টায় গাজীপুরের কালিয়াকৈর থানার পরিদর্শক মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যানজটপ্রবণ চন্দ্রা ত্রিমোড় বুধবার সকাল থেকেই অনেকটা ফাঁকা। কোনো যানজট নেই। গাড়ি চলাচল স্বাভাবিক।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. আরিফ হোসেন খান বলেন, টঙ্গী, মালেকের বাড়ি, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী, শফিপুর চন্দ্রা মোড়ে বুধবার যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

তিনি বলেন, বুধবার যারা যাচ্ছেন তাদের অধিকাংশই পোশাক কারখানার শ্রমিক। সোমবার শিল্পকারখানা ছুটি হলেও পরিবহন সংকট, যানজট ও বৃষ্টির কারণে তারা আগে যেতে পারেননি।

তবে চার লেন উদ্বোধনের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের জয়দেবপুর থেকে জৈনাবাজার পর্যন্ত  ৩০ কিলোমিটারে এ বছর যানজট হয়নি বলে তিনি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি এম এ রাজ্জাক ঘুরে দেখেছেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের এলেঙ্গা, করটিয়া ও মির্জাপুরের পাকুল্লা এলাকায় অন্যদিনের চেয়ে কম যানবাহন চলাচল করছে।

সকাল ১০টায় এলেঙ্গায় দায়িত্ব পালনকালে জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. মাসুদ রানা বলেন, এ সড়কে অন্যদিনের তুলনায় বুধবার গাড়ির সংখ্যা কম। ফলে যানবাহনগুলো স্বাভাবিক গতির চেয়ে বেশি গতিতে চলছে।

সাভার প্রতিনিধি সেলিম আহমেদ ঢাকা-আরিচা মহাসড়ক ও আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে দেখেছেন, দীর্ঘ সময় পরপর ফাঁকা সড়কে দু-একটি গাড়ি ছুটে যাচ্ছে।

আশুলিয়ার বাইপাইলে দায়িত্বরত জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট জাহিদ হোসেন বলেন, ভোর থেকে তিনি ট্রাফিক বক্সে বসে রয়েছেন।

“সড়কটি একেবারেই যানবাহন শূন্য হয়ে পড়েছে। দীর্ঘ সময় পরপর ফাঁকা সড়কে উত্তরবঙ্গের দিকে দু-একটি যানবাহন যাচ্ছে।আশুলিয়া-টঙ্গি সড়কেরও চিত্র একই।”

নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড়, বলিভদ্র, শ্রীপুর, জিরানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মঙ্গলবার রাতেও কিছুটা যানজট দেখা গেছে। বুধবার সকাল থেকে সড়কগুলো ফাঁকা হয়ে পড়ে বলে তিনি জানান।

তবে ঢাকা-আরিচা মহাসড়কের লোকাল বাসগুলো আগের মতোই চলতে দেখা গেছে।

ঢাকা জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) আবুল হোসেন জানান, ঢাকা-অরিচা ও নবীনগর চন্দ্রা সড়কে কোথাও কোনো যানজট নেই। সড়কগুলো যানবাহন শূন্য হয়ে পড়েছে।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “এবার ঈদে সড়কগুলো যানজটমুক্ত রাখতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাইওয়ে পুলিশ, রোভার স্কাউট, কমিউনিটি পুলিশ, সড়ক ও জনপথের কর্মকর্তারা একসঙ্গে কাজ করায় ঘরমুখো মানুষ নির্বিঘ্নে গন্তব্যে যেতে পেরেছে।”

ঈদের পর মানুষ যাতে সহজে কর্মস্থলে ফিরতে পারে সে জন্যও প্রশাসন প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

(প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন টাঙ্গাইল প্রতিনিধি এম এ রাজ্জাক, সাভার প্রতিনিধি সেলিম আহমেদ ও গাজীপুর প্রতিনিধি আবুল হোসেন)

পুরনো খবর:

ঢাকা-টাঙ্গাইল সড়কে যানজটের দুর্ভোগ